শনিবার, ৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ রমজান, ১৪৪৭ হিজরি

স্ক্রিনশট ভাইরাল, প্রথম প্রেমের অভিজ্ঞতা জানালেন মিনার

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতশিল্পী মিনার রহমানের একটি চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। স্ক্রিনশটে দেখা যায়, তিনি এক নারীকে বারবার বার্তা পাঠাচ্ছেন, কিন্তু কোনো উত্তর আসছে না। বিষয়টি নজর এড়ায়নি মিনারের।

এদিকে গায়ক নিজের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম প্রেম নিয়েও মুখ খুলেছেন। তিনি জানান, স্কুল জীবনেই তার প্রথম অ্যালবাম সাদা মুক্তি পেয়েছিল। দশম শ্রেণিতে পড়ার সময় গান লেখা ও সুর করা শুরু করেন তিনি। অল্প বয়সেই জনপ্রিয়তা পেলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর জীবন ছিল সাধারণ শিক্ষার্থীর মতো। তবে দ্বিতীয় সেমিস্টারে এক তরুণীর প্রেমে পড়েন মিনার।

সম্পর্কটি স্থায়ী হয় প্রায় ছয় থেকে সাত মাস। শুরুর দিকে সবকিছু ঠিক থাকলেও কিছুদিন পর তিনি লক্ষ্য করেন, একসঙ্গে সময় কাটানোর সময় মেয়েটির ফোনে বারবার ‘বড় মামা’ কল আসত। প্রেমিকা মিনারের সামনে বসে কল রিসিভ করতেন না এবং বলতেন, “আমি ব্যস্ত আছি, বাসায় ফিরে কথা বলব।”

একদিন রেস্টুরেন্টে বসে অবস্থায় বিষয়টি আরও সন্দেহজনক হয়ে ওঠে। মেয়েটির ফোনে বারবার কল আসছিল, কিন্তু সে ফোন ধরেনি এবং কোনো ব্যাখ্যা ছাড়াই চলে যান। পরে জানা যায়, ‘বড় মামা’ পরিচয়টি আসলে মেয়েটির সাবেক প্রেমিকের নাম, যা মিনারের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে সেভ করা হয়েছিল।

এই অভিজ্ঞতা স্মরণ করে মিনার লিখেছেন, “সেদিন থেকে বিশ্বাস শব্দটি আমার কাছে এক অলৌকিক কল্পনায় পরিণত হয়। জীবনের অভিধানে প্রতারণা শব্দের সঙ্গে আমার পরিচয় ঘটে।”

তবে তিনি জানিয়েছেন, অনেক আগেই সেই তরুণীকে ক্ষমা করেছেন। মিনার লিখেছেন, “মাঝে মাঝে এই গল্প মনে পড়লে হাসি আসে, আবার একই সঙ্গে মনে হয় এটি কি খুব বেদনাদায়ক নয়? আমি চাই না আমার মতো অভিজ্ঞতা আর কারো হোক।”