রবিবার, ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ রমজান, ১৪৪৭ হিজরি

ইন্দোনেশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক-রোবলক্স নিষিদ্ধ

মুক্তবাণী ডেস্ক : ইন্দোনেশিয়া ঘোষণা করেছে, ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হবে। তরুণ প্রজন্মকে অনলাইনে হয়রানি ও ক্ষতিকর বিষয়বস্তু থেকে সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রী মেউতিয়া হাফিদ জানিয়েছেন, ২৮ মার্চ থেকে ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, এক্স (সাবেক টুইটার), বিগো লাইভ ও রবলক্সের মতো প্ল্যাটফর্মে ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হবে। তিনি বলেন, এই নিষেধাজ্ঞার মাধ্যমে প্রথম কোনো অপশ্চিমা দেশ হিসেবে ইন্দোনেশিয়া বয়সভেদে শিশুদের ডিজিটাল জগতে প্রবেশের সুযোগ সীমিত করছে।

মন্ত্রী আরও বলেন, ‘পর্নোগ্রাফি দেখা, সাইবার বুলিং, অনলাইন প্রতারণা থেকে শুরু করে আসক্তিসহ নানা সমস্যায় পড়ছে শিশুরা। সরকার এখন হস্তক্ষেপ করছে, যাতে অভিভাবকদের একা লড়াই করতে না হয়।’

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের ২০২৩ সালের এক প্রতিবেদনে বলা হয়, জরিপে অংশ নেওয়া ৫১০ জন ইন্দোনেশীয় শিশুর প্রায় অর্ধেকই সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন উত্তেজক ছবির সংস্পর্শে এসেছে।

এই সিদ্ধান্তে অভিভাবকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। কর্মজীবী মা আমান্ডা কুসুমো বিবিসিকে বলেন, ‘আমার দুই সন্তান রয়েছে। বড় ছেলেটি কিশোর হওয়ায় সব সময় তার ডিজিটাল কার্যক্রম নজরে রাখা সম্ভব হয় না। সরকার যদি এ ধরনের নিয়ম চালু করে, তাহলে অভিভাবক হিসেবে আমাদের উদ্বেগ অনেকটাই কমে।’ তবে তার ছেলে ম্যাট জোসেফ মনে করেন, সরকার আরও নমনীয় উপায় খুঁজে নিতে পারত। তিনি বলেন, ‘শিশুরা স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে অক্ষম হলেও বিকল্প বিনোদনের ব্যবস্থা থাকলে নিষেধাজ্ঞা আরও কার্যকর হতো।’

শিশু সুরক্ষা সংস্থা জানিয়েছে, সরকারের পরিকল্পনা বিস্তারিত পর্যালোচনা না করে তারা মন্তব্য করতে পারছে না। ইনস্টিটিউট ফর পলিসি রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসির নুরুল ইজমি বলেন, শিশু সুরক্ষার নীতিমালা শুধু বয়সভিত্তিক নিষেধাজ্ঞায় সীমাবদ্ধ নয়। ইউরোপীয় ইউনিয়নের মতো প্রোফাইলিংভিত্তিক বিজ্ঞাপন নিষিদ্ধ করাও জরুরি। তিনি সতর্ক করে বলেন, বয়স যাচাইয়ের প্রক্রিয়ায় শিশুদের সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হলে তা সঠিক নীতিমালা অনুসরণে হতে হবে।

অস্ট্রেলিয়া গত ডিসেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা কার্যকর করে। ইন্দোনেশিয়া তার পথ অনুসরণ করছে। স্পেনসহ আরও কয়েকটি দেশ একই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। যুক্তরাজ্যও জনমত যাচাই শুরু করেছে।

ইন্দোনেশিয়া এর আগেও অনলাইনে যৌন উত্তেজক বিষয়বস্তু প্রতিরোধে পদক্ষেপ নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট ‘গ্রোক’-এ প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে। অনলিফ্যানস ও পর্নহাবসহ পর্নোগ্রাফি ছড়ায় এমন প্ল্যাটফর্মও নিষিদ্ধ করা হয়েছে।