আন্তর্জাতিক ডেস্ক : ইরানে যে যুদ্ধ শুরু হয়েছে, তার জন্য দায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আন্তর্জাতিক ভুল হিসাব-নিকাশ’ এবং এজন্য তাকে মাশুল গুনতেই হবে বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি। তিনি বলেন, ট্রাম্পের ভুল সিদ্ধান্তের কারণে ইরান পিছু হটবে না।
শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে লারিজানি বলেন, “এখন ইরান এবং মধ্যপ্রাচ্যে যা ঘটছে— তা আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাব-নিকাশের ফলাফল। তিনি ভেবেছিলেন, ভেনেজুয়েলায় যা করেছিলেন— এখানেও সেই একই মডেল প্রয়োগ করবেন।”
তিনি আরও বলেন, “এভাবে কাজ করতে গিয়ে ট্রাম্প নিজেই পড়েছেন ঝামেলায়। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত অচলাবস্থা তৈরি করেছে। ওয়াশিংটন এখন নিজেদের ভুল হিসাবের কাদাজলে আটকা পড়েছে। তবে আমরা ট্রাম্পকে ছাড়ব না। যে ভুল তিনি করেছেন, সেজন্য তাকে মাশুল গুণতেই হবে।”
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হয়।
এর পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান চালায়।
হামলার পাল্টা জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
সূত্র : সিএনএন