মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

রমজানের কর্মদিবসে রাজধানীতে নেই দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান উপলক্ষে সরকারি অফিস-আদালত ও ব্যাংকের কার্যক্রম পরিচালনায় নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। সরকার নির্ধারিত সময় অনুযায়ী সপ্তাহের প্রথম কর্মদিবসে রোববার (৮ মার্চ) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। তবে কোথাও গাড়ির জটলা বা দীর্ঘ যানজটের চিত্র দেখা যায়নি।

রাজধানীর কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট ও আসাদগেট এলাকায় সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই অফিসগামীসহ সাধারণ যাত্রীরা বাসপয়েন্টে উপস্থিত হচ্ছেন। গন্তব্যগামী বাস এলেই যাত্রীরা উঠছেন। ভেতরে জায়গা না থাকায় অনেককে গণপরিবহনের গেটে ঝুলতে দেখা গেছে। সড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। পরিবহন শ্রমিকরা জানান, সকালে যানজট না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও যানজট বাড়তে পারে। বিশেষ করে অফিস শেষ হওয়ার সময় রাজধানীর সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পরিস্থান পরিবহনের একটি বাসের চালকের সহকারী বলেন, “এখনো রাস্তায় বড় ধরনের যানজটে পড়তে হয়নি। গাড়ির গতি কম হলেও চলন্ত অবস্থায় আছে। তবে বেলা বাড়লে যানজট বাড়বে, বিশেষ করে ইফতারের আগে দীর্ঘ যানজট হয়।”

গণপরিবহনের গেটে ঝুলে থাকা যাত্রী মেহেদী হাসান বলেন, “গাড়ির ভেতরে যাওয়ার কোনো সুযোগ নেই। ফাঁকা গাড়ির অপেক্ষায় থাকলে অফিসে পৌঁছাতে পারবো না। তাই যেকোনোভাবে অফিসে পৌঁছানোই জরুরি।”

গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি অফিসের সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা। তবে রমজান শুরু হওয়ায় ১৯ ফেব্রুয়ারি থেকে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। পুরো রমজান মাস সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় রমজানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। ব্যাংক, বিমা, ডাক, রেলওয়ে, হাসপাতালসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী সময়সূচি নির্ধারণ করবে।

সুপ্রিম কোর্ট প্রশাসনও রমজানে নিম্ন আদালতের সময়সূচি নির্ধারণ করেছে। সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংক রমজানে ব্যাংক লেনদেনের সময় নির্ধারণ করেছে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। অফিস কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ সময়েও বিকল্প ব্যবস্থায় গ্রাহকসেবা চালু রাখতে হবে।