সোমবার, ৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯ রমজান, ১৪৪৭ হিজরি

নতুন সর্বোচ্চ নেতা হওয়ার পরই প্রথম যে পদক্ষেপ নিলেন মোজতবা খামেনি

মুক্তবাণী ডেস্ক : ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সোমবার ভোরের দিকে ইসরায়েলকে লক্ষ্য করে এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।

আইআরইবি টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আইআরইবির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির নির্দেশে সোমবার ভোরে দখলদার জায়নবাদী শক্তিকে লক্ষ্য করে এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এটি নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম হামলা।

প্রতিবেদনের সঙ্গে একটি ক্ষেপণাস্ত্রের ছবিও প্রচার করা হয়েছে। সেখানে লেখা ছিল, আপনার নির্দেশের অপেক্ষায়, সাঈদ মোজতবা।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

তার মৃত্যুর ৯ দিনের মাথায় তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে ইরানের প্রভাবশালী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস।

ইরানের ক্ষমতাকাঠামোতে সর্বোচ্চ নেতার অবস্থান সবচেয়ে উঁচুতে। তিনি দেশটির প্রতিরক্ষা বাহিনীর চিফ অব কমান্ড। সামরিক, গোয়েন্দা, অর্থনীতি, রাজনীতি, পার্লামেন্টসহ প্রায় সব ক্ষেত্রেই তার সিদ্ধান্ত চূড়ান্ত বলে ধরা হয়।