বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২ রমজান, ১৪৪৭ হিজরি

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টায় জাতীয় সংসদে রাষ্ট্রপতির কক্ষে তাদের দুজনকে শপথ পড়ানো হয়। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, চিফ হুইপ মো. নুরুল ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সেখানে উপস্থিত ছিলেন।

প্রথমে রাষ্ট্রপতি শপথ পড়ান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে। এরপর শপথ পড়ান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে।

হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ আসনের ও ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য।

তাদের দুজনকে শপথ পাঠ করানোর পরে নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন পুনরায় শুরু হয়।

এর আগে জ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করেন জাতীয় সংসদের সদস্যরা।