শনিবার, ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৪ রমজান, ১৪৪৭ হিজরি

ইরানকে ‘গোপনে’ সহায়তা করেছে রাশিয়া, দাবি যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতে ইরানের ড্রোন হামলার কৌশলের পেছনে রাশিয়ার প্রভাব থাকতে পারে। তার মতে, এসব কৌশলের পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘গোপন’ হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানান, গত ১ মার্চ সাইপ্রাসে যুক্তরাজ্যের আরএএফ আক্রোতিরি বিমানঘাঁটিতে আঘাত হানা একটি ইরানি ড্রোন পরীক্ষা করে দেখা হচ্ছে। এতে রাশিয়া বা অন্য কোনো বিদেশি দেশের যন্ত্রাংশ বা প্রযুক্তির প্রমাণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

লন্ডনের কাছে নর্থউডে ব্রিটিশ সামরিক সদর দপ্তর পরিদর্শনের সময় হিলি বলেন, তদন্ত শেষ হলে এ বিষয়ে যে তথ্য পাওয়া যাবে তা প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ‘ইরানের কিছু কৌশল বা সক্ষমতার পেছনে পুতিনের গোপন ভূমিকা থাকতে পারে—এটা বিশ্বাস করলে কেউই অবাক হবে না। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় যে বিশ্বনেতা লাভবান হচ্ছেন, তাদের একজন হলেন পুতিন।’