গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় উদ্বোধনের আগেই ধসে পড়ে একটি সড়ক। সেটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত নিউজ দৃষ্টিগোচর হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার সড়কটি পরিদর্শনে আসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এ সময় তিনি নতুন করে তদন্ত কমিটি গঠন ও অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেন।
প্রতিমন্ত্রী বলেন, রাস্তা ভেঙে পড়ার পর প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে তিনি আমাকে জানান। পরে মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে কথা বলে ঘটনাস্থলে এসেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রকল্পের পরিচালক হারুন অর রশিদ এবং প্রকৌশলী শামছুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছি। ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এই কাজ চলমান রাখা হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে এজন্য আরও কার কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, পুরো ঘটনার সঙ্গে কারা জড়িত এটি জানার জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করা হয়েছে।
কমিটির প্রধান থাকবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আখতারুর রহমান কনভনার, যুগ্ম সচিব হাফিজুল্লাহ খান, সদস্য থাকবেন সিটি কর্পোরেশনের সিইও, বুয়েটের একজন বিশেষজ্ঞ প্রতিনিধি, সড়ক ও জনপদের একটি ডিজাইনার প্রতিনিধি দল, এলজিইডির একজন এবং মন্ত্রণালয়ের উপসচিব রবিউল ইসলাম সদস্য সচিব হিসাবে থাকবেন। এই ৭ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের নতুন কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব শহিদুল হাসান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, স্থানীয় সরকারের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের সিইও ও মন্ত্রণালয়ের সর্বোচ্চ প্রতিনিধি দল।