বুধবার, ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি

এবার ছিল আমার জীবনের অন্যতম সেরা ঈদ : ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জাতিকে এত সুন্দর নির্বাচন উপহার দেওয়ার পর, সবার সঙ্গে মিলে এবারের ঈদের নামাজ আদায় করাটা ছিল দারুণ আত্মতৃপ্তির।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন কর্মকর্তাদের সঙ্গে ঈদ-পরবর্তী পুনর্মিলনী সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসউদ।

উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার তাহমিদা বেগম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

এছাড়াও কমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এই পুনর্মিলনীতে যোগ দেন।

এবারের ঈদকে নিজের জন্য সেরা ঈদ উল্লেখ করে আনোয়ারুল ইসলাম বলেন, এবারের ঈদটি ছিল আমার জীবনের অন্যতম সেরা একটি ঈদ। জাতিকে এত সুন্দর নির্বাচন উপহার দেওয়ার পর, সবার সঙ্গে মিলে ঈদের নামাজ আদায় করাটা ছিল দারুণ আত্মতৃপ্তির।‎

শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সানাউল্লাহ জানান, কমিশন শিগগিরই ইসি বিটের সাংবাদিকদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করা হবে।

এ সময় কমিশনার আবদুর রহমানেল মাসউদ যোগ করেন, এ বিষয়ে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নেতৃবৃন্দের সঙ্গেও আমরা ঈদ শুভেচ্ছা বিনিময় করব। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।