বুধবার, ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি

অননুমোদিত বা মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশের স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়নে কোনো ধরনের অননুমোদিত ও মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

মঙ্গলবার সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, ঈদের আমেজ শেষ হতেই আজ থেকে রাজধানীর বেসরকারি ক্লিনিকগুলোতে বিশেষ পরিদর্শন ও সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে।

তিনি বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন।

সেই অনুযায়ী, অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। যদি কোনো ক্লিনিক ন্যূনতম চিকিৎসাসেবার মান বজায় রাখতে ব্যর্থ হয়, তবে কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে সেটি বন্ধ করে দেওয়া হবে।

রাজধানী থেকে শুরু হওয়া এই তদারকি কার্যক্রম পর্যায়ক্রমে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে বলে জানান মন্ত্রী।