বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঝিনাইদ‌হে বাও‌ড়ে গোসল কর‌তে নে‌মে পু‌লিশ সদ‌স্যের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে পানিতে গোসল কর‌তে নেমে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ম‌হেশপুর উপজেলার নস্তি বাওড়ে এই মর্মা‌ন্তিক দুর্ঘটনা‌টি ঘটনা ঘটে। নিহত পু‌লিশ কন‌স্টেবল আশিক হোসেন (২৭) নওগাঁর রানীনগর উপজেলার ডাকহারা গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আশিক হোসেন একটি সরকা‌রি গাড়ি মেরাম‌তের কাজে মহেশপুর থানায় আসেন। কাজ শেষে শরীরে ধুলাবালি ও তেল-কালি লেগে যাওয়ায় তিনি গোসল করতে উপজেলার নস্তি বাওড়ে যান। গোসল শেষে পানি থেকে উঠে আসার সময় হঠাৎ তি‌নি অসুস্থ হয়ে পা‌নি‌তে পড়ে যান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ত‌বে প্রত্যক্ষদর্শীরা ম‌নে কর‌ছেন, আশিক পা‌নি‌তে নে‌মে গোসল করার সময় হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে মৃত্যুবরণ ক‌রে‌ছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জা‌নি‌য়ে‌ছেন, ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ব‌লে তি‌নি জানান।