মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১১ শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রাজধানী ঢাকা। ফলে সকাল থেকেই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে। মাঝে মধ্যে বৃষ্টির কারণে দূষণের মাত্রা কিছুটা কমলেও বেশিরভাগ দূষণে শীর্ষ দেশগুলোর মধ্যে একটি থাকে ঢাকা।

সোমবার (৩০ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।
বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এদিকে তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। শহরটির বায়ুমানের স্কোর ২৫৭। এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লি শহরের স্কোর ১৯৮, তৃতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে, যার স্কোর হচ্ছে ১৭৯।
এ ছাড়া ১৫৭ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।