নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনে চারটি মন্দিরে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকালে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি চারটি মন্দিরে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, চেক বিতরণ করা মন্দিরগুলো হলো- ভাষানটেক বিআরপি সার্বজনীন মন্দির, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির (মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন), আইডি হাসপাতাল সার্বজনীন পূজা মন্দির এবং শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির (টেম্পো মোড়, মহাখালী)।
চেক বিতরণের সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি/সাধারণ সম্পাদক, পুরোহিত ও পূজারিরা উপস্থিত ছিলেন।