বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। আর ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন বলেও তিনি জানান।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিস্টিকস অব পাবলিক সার্ভেন্ট-২০২৪ মোতাবেক সব মন্ত্রণালয় ও সরকারি অফিসগুলোতে প্রথম শ্রেণির কর্মকর্তা ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন।
প্রথম শ্রেণিতে শূন্য পদ ৬৮ হাজার ৮৮৪টি।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন। এই শ্রেণিতে শূন্য পদ ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। তৃতীয় শ্রেণিতে কর্মরত রয়েছেন ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন।
তৃতীয় শ্রেণিতে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি পদ শূন্য। চতুর্থ শ্রেণিতে ৪ লাখ ৪ হাজার ৫৫৭ এবং অন্যান্য শ্রেণিতে কর্মরত কর্মচারীর সংখ্যা সাত হাজার ৯৮০। চতুর্থ শ্রেণিতে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অন্যান্য শ্রেণিতে শূন্য পদ ৮ হাজার ১৩৬টি।’