বিনোদন ডেস্ক : বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এ আদেশ দেন।
জামিনের শর্ত অনুযায়ী আপোষের কথা থাকলেও নোবেল সেটা ভঙ্গ করেছেন। বিয়ের প্রতিশ্রুতি দিলেও জামিনে মুক্তি পাওয়ার পর বাদীকে মারধর করেন। এবং অভিযোগকারীর ১৪ লাখ টাকা ফেরত দেননি। এ কারণে জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে, গেল ২৪ ফেব্রুয়ারি আপোষের শর্তে নোবেলকে জামিন দেন আদালত। জামিনের সময় শেষ হওয়ায় আজ ফের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে গায়কের জামিন আবেদন বাতিল করে তাঁকে কারাগারে আটক রাখার আদেশ দেন আদালত।
মামলার নথি অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে গায়ক নোবেল ওই নারীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন। সেই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন।
২০২৫ সালের ১৩ আগস্ট মামলাটি হলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান আদালতে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
পিবিআইয়ের তদন্তের ভিত্তিতে ৩ ফেব্রুয়ারি নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। গ্রেফতারি পরোয়ানা জারির ২০ দিনের মাথায় নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।