নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। আর সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ এপ্রিল। এ নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট পাবে ৩৬টি, ১১ দলীয় এনসিপি জামায়াত জোট পাবে ১৩টি এবং একটি পাবে স্বতন্ত্র থেকে।
সোমাবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।
তিনি জানান, নির্বাচন পরবর্তী সময়ে ৫০টি মামলা হয়েছে। আদালতের আদেশে এসব আসনের মালামাল সংরক্ষণ করা হবে।
ইসি সচিব জানান, শেরপুর-৩ ও বগুড়া-৬ সংসদীয় আসনের ভোট ৯ এপ্রিল। শেরপুর-৩ আসনে পোস্টাল ভোটের কেন্দ্রসহ মোট ভোটকেন্দ্র ১২৯টি। বগুড়া-৬ আসনে পোস্টাল ভোটের কেন্দ্রসহ ১৫১ টি। নির্বাচনি পরিবেশ স্বাভাবিক আছে। জাতীয় নির্বাচনের মতোই নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। তিনি জানান, দুটি আসনের ফলাফল আদালতের আদেশে স্থগিত আছে। আদালত যেভাবে বলবে সেভাবে পদক্ষেপ নিবে ইসি।
ইসি সচিব জানান, ৮০ টি পর্যবেক্ষক সংস্থা থেকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ প্রতিবেদন পাওয়া গেছে। এসব নিয়ে সেমিনার করবে ইসি। তিনি বলেন, ইভিএম স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার হবে না। তিনটি আলাদা প্রতিষ্ঠান এটি নিয়ে পর্যালোচনা করছে, এসব নিয়ে প্রতিবেদন পেলে পদক্ষেপ নেবে ইসি। যে যন্ত্রের প্রতি জনগণের আস্থা নেই তা ব্যবহার করা হবে না।