নিজস্ব প্রতিবেদক : ‘নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬।
বুধবার রাজধানীর কাকরাইলে স্কাউটসের জাতীয় সদর দপ্তরে এক বর্ণাঢ্য পতাকা উত্তোলন অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন সকাল সাড়ে ৭টায় অংশগ্রহণকারীদের রিপোর্টিংয়ের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় গ্র্যান্ড ইয়েলের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় এবং পরপরই জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়।
এরপর প্রার্থনা সংগীত পরিবেশন করা হয়। ৮টা ১৩ মিনিটে ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়, যা অনুষ্ঠানে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সহসভাপতি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
তিনি তার বক্তব্যে স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে, দেশের যুব সমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও নৈতিকভাবে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, স্কাউটিং একটি আন্তর্জাতিক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন, যা প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি একটি কার্যকর সম্পূরক শিক্ষা হিসেবে কাজ করে। বাংলাদেশ স্কাউটস দীর্ঘদিন ধরে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে প্রশিক্ষণ ও কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের যুব সমাজকে চরিত্রবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতি বছরের ন্যায় এবারও ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটসের সূচনা দিবস হিসেবে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সব ইউনিট, উপজেলা, জেলা ও অঞ্চল পর্যায়েও একযোগে দিবসটি উদযাপিত হচ্ছে।