মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি

৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে থামছেই না মৃত্যুর মিছিল। মহাসড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং ঝরছে অসংখ্য প্রাণ। এই সড়ক ছয় লেন করার দীর্ঘদিনের আশ্বাস মিললেও বাস্তবে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এর প্রতিবাদে মহাসড়কটি দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন ‘চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন’ -এর সদস্য ও স্থানীয়রা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনের ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই কর্মসূচি পালিত হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলনের ব্যানারে আয়োজিত এই অবরোধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অবরোধ চলাকালে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে মহাসড়ক ছয় লেন করার কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পরবর্তীতে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে, আগামী সাত দিনের মধ্যে মহাসড়ক ছয় লেনে উন্নীত করার বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।

এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এবং লোহাগাড়া ট্রাফিক ইনচার্জ হাসানুজ্জামানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।