শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

বিশ্বের শীর্ষ প্রভাবশালীদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাময়িকী টাইম প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

বুধবার প্রকাশিত ২০২৬ সালের তালিকায় তিনি ‘লিডারস’ ক্যাটাগরিতে ১৬তম অবস্থানে রয়েছেন।

এ বছরের তালিকায় শীর্ষে রয়েছেন রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। এরপর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন।

টাইম ম্যাগাজিনের সম্পাদকীয়তে বলা হয়েছে, কয়েক বছর আগেও তারেক রহমান নির্বাসনে ছিলেন। কিন্তু ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর তিনি বিরোধী দলের আন্দোলনকারী থেকে জাতীয় নেতায় পরিণত হন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ২০২৫ সালের নির্বাচনে নিরঙ্কুশ জয় অর্জন করে তিনি প্রধানমন্ত্রী হন।

প্রোফাইলে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে তারেক রহমান তার মা খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করেছেন। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। দেশে ফেরার মাত্র পাঁচ দিন পর তার মৃত্যু হয়।

গত জানুয়ারিতে টাইমকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ‘আমাদের একসাথে কাজ করা ও ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন; যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়।’ তিনি শোককে শক্তিতে রূপান্তর করে দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করেন।

টাইম লিখেছে, তারেক রহমানের ‘হানিমুন পিরিয়ড’ হয়তো সংক্ষিপ্ত হবে। তবে দীর্ঘ নির্বাসনের পর তিনি আর সময় নষ্ট না করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।

টাইম ম্যাগাজিনকে তারেক রহমান বলেছেন, ‘আমাদের একসাথে কাজ করা ও ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন; যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়।’