চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ চিংড়ির রেণু জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে পরিচালিত বিশেষ অভিযানে এ রেণু উদ্ধার করা হয়। পরবর্তীকালে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এগুলো কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।
সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে কর্ণফুলী বেইসের সদস্যরা শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় টেকনাফ থেকে খুলনাগামী দু’টি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ পিস অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত জানান, ট্রাকচালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নেয়ার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত রেণু নদীতে অবমুক্ত করা হয়।