শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আগামীকালও বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কারণে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও ভারতে কোনো পণ্য রপ্তানি করা হচ্ছে না।

তিনি আরো জানান, সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবারও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ফলে আগামী শনিবার থেকে পুনরায় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।