নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের সাধারণ মানুষ থানায় মামলা বা জিডি করতে গিয়ে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই পদক্ষেপ ধাপে ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে।
মঙ্গলবার বিকালে সংসদের অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনের সভাপতিত্ব করছেন। এদিন প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সাধারণ মানুষ থানায় মামলা বা জিডি করতে গিয়ে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তা ধাপে ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে।
পরিকল্পনাগুলো হলো:
১। থানাগুলোতে অনলাইন পদ্ধতিতে অভিযোগ দায়েরের সুযোগ সৃষ্টি করে ফৌজদারি বিচার প্রত্যাশীদের আইনের নিরাপত্তা পাওয়ার পথ সুগম করা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অন্যতম লক্ষ্য।
২। দেশের সকল থানার ডিউটি অফিসারের কক্ষ ও থানা প্রাঙ্গনকে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে থানার কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং এর পরিকল্পনা রয়েছে।
৩। বর্তমানে দেশের সকল থানায় অনলাইনে সকল ধরনের সাধারণ ডায়েরির আবেদন গ্রহন করে আইনগত সেবা প্রদান করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ থানায় না গিয়েও হয়রানিমুক্ত পরিবেশে অনলাইনে সহজে সাধারণ ডায়েরি করতে পারছেন।
৪। সাধারণ ডায়েরির অনলাইন সফটওয়্যারে ধর্তব্য অপরাধের অভিযোগ পাওয়া গেলে অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে এসএমএস প্রেরণ করে বিস্তারিত তথ্যসহ থানায় আসার জন্য অনুরোধ করা হয়। যার ভিত্তিতে পরবর্তীতে অভিযোগকারী নিয়মিত মামলা রুজু করতে পারেন।