নিজস্ব প্রতিবেদক : বিগত ২০১০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ কথা জানান।
এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
আহমেদ আযম খান বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অমুক্তিযোদ্ধা হিসেবে অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটির তদন্ত/শুনানির মাধ্যমে যাচাই-বাছাই করে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হলে গেজেট বাতিলের সুপারিশ করা হয়। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত/শুনানি করা জামুকার একটি নিয়মিত কাজ এবং এটি একটি চলমান প্রক্রিয়া।
অভিযোগের ভিত্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক যাচাই-বাছাই/তদন্ত করে কাউন্সিলের সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত মোট ৪৮১ জন ব্যক্তির গেজেট/লাল মুক্তিবার্তা/ভারতীয় তালিকা এ মন্ত্রণালয় কর্তৃক বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ৬৪৭৬ জনের গেজেট/লাল মুক্তিবার্তা/ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে।