নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ দেশে ফিরছে। সব প্রক্রিয়া শেষে লিমনের নিথর দেহ নিয়ে একটি ফ্লাইট এখন ঢাকার পথে। আগামীকাল (সোমবার) সকালে লাশটি দেশে পৌঁছানোর কথা রয়েছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস রোববার (০৩ মে) জানিয়েছে, দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লিমনের লাশ দেশে পাঠানো হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ৪ মে সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।
এর আগে স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে লাশ দেশে পাঠানোর এই ব্যবস্থা গ্রহণ করে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা এস বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল লিমনের লাশ উদ্ধার করে পুলিশ। জামিল আহমেদ লিমন ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
লিমনের সঙ্গে নিখোঁজ হওয়া অন্য বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশের অংশবিশেষও উদ্ধার করা হয়েছে। গত রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।