টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এমপি বলেছেন, সংসদে বিরোধী দলকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। তাদেরকে কথা বলতে দিতে হবে।
তিনি বলেন, সংসদে কিছুটা ডিবেট হবে। পৃথিবীতে তো সকল মানুষ একই ভাষায় কথা বলবে না অথবা একই মত প্রকাশ করবে না। আসলে দেখুন, একদলীয় বাকশালের সাথে গণতন্ত্রের এটাই কিন্তু প্রার্থক্য। বিরোধী দলকে কথা বলতে দিতে হবে, তাদেরকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন সংসদে কথা বলি সেটা যেন বাস্তবধর্মী ও যুক্তিসংগত কথা হয় এটাই বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আবেগ দিয়ে কথা বললে সেটা হয়তো সংসদের ভাষায় সঠিকভাবে প্রতিফলিত হবে না।
রোববার দুপুরে গাজীপুরের টঙ্গীর গুশুলিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এম এ মুবিন খান।
গুশুলিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. এম. ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামীম আহমেদ প্রমুখ।
পরে নবাগত ১৩০জন শিক্ষার্থীদের ফুল ও অ্যাপ্রোণ পড়িয়ে বরণ করা হয়।
অনুষ্ঠান শেষে ড. আব্দুল মঈন খান ক্যাম্পাসে একটি নীম গাছের চারা রোপন করেন।