বাসস : জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, সংসদে বিরোধী দল ও সরকারি দল ঐকমত্য পোষণ করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। জ্বালানি বিষয়ক বিশেষ কমিটি গঠনের ফলে দেশে জ্বালানি সমস্যার সমাধান হয়েছে।
সোমবার (৪ মে) জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) একটি প্রতিনিধি দল। এ সময় তিনি এসব কথা বলেন।
চিফ হুইপের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনডিপি’র সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা গভর্ন্যান্স ড্রাগন পপভিচ এবং প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান।
সাক্ষাৎকালে তারা স্ট্রেনদেনিং পার্লামেন্ট, ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট , দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ উন্নয়ন, বাক স্বাধীনতা, জাতীয় সংসদের অধিবেশন ও সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, বাংলাদেশে পরিবেশগত ও অর্থনৈতিক নানাবিধ সমস্যা রয়েছে। বর্তমান সরকার দারিদ্র্য দূরীকরণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহায়তা প্রদান করে যাচ্ছে। সরকার পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ ও খাল খননের মতো কর্মসূচি গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, আমাদের সবার একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। না-হলে এগিয়ে নিয়ে যেতে পারব না। সুশাসনের জন্য গণতন্ত্র প্রয়োজন।
ড্রাগন পপভিচ বলেন, ইউএনডিপি বাংলাদেশে সংসদ সদস্য ও জনগণের মাঝে সেতুবন্ধনে সহায়ক ভূমিকা রাখতে পারে। সংসদকে আরো বেশি কার্যকর করতে জাতীয় সংসদ ও ইউএনডিপি একসাথে কাজ করতে পারে।
সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।