মুক্তবাণী রিপোর্ট : দেশের উত্তর-পূর্বাঞ্চলের নয়টি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
মঙ্গলবার (০৫ মে) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টার তথ্যানুযায়ী ২৪ ঘণ্টায় উত্তর পূর্বাঞ্চলের হাওর বেসিনের ৫টি জেলার ৯টি নদীর ১১টি স্টেশন প্রাক-মৌসুমি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট জেলার কুশিয়ারা নদী ২২ সেমি বৃদ্ধি পেয়ে ৫ সেমি উপরে (ফেঞ্চুগঞ্জ), সুনামগঞ্জ জেলার কুশিয়ারা নদী ২২ সেমি বৃদ্ধি পেয়ে ৮ সেমি উপরে (মারকুলি), নলজুর নদী ৬ সেমি বৃদ্ধি পেয়ে ৪৬ সেমি উপরে (জগন্নাথপুর), নেত্রকোনা জেলার ধনু-বাউলাই নদী ৬ সেমি বৃদ্ধি পেয়ে ১৪ সেন্টিমিটার উপরে (খালিয়াজুরি), সোমেশ্বরী নদী ৮ সেমি হ্রাস পেয়ে ৪২ সেন্টিমিটার উপরে (কলমাকান্দা), ভুগাই-কংশ নদী ১৬ সেমি হ্রাস পেয়ে ৫১ সেন্টিমিটার উপরে (জারিয়াঝাঞ্জাইল), মগরা নদী ৮ সেমি বৃদ্ধি পেয়ে ৮৭ সেন্টিমিটার উপরে (নেত্রকোনা), মগরা নদী ৩ সেমি হ্রাস পেয়ে ২৪ সেন্টিমিটার উপরে (আটপাড়া) প্রবাহিত হচ্ছে।
এ ছাড়া হবিগঞ্জ জেলার কালনি নদী ১৩ সেমি বৃদ্ধি পেয়ে ২৩ সেন্টিমিটার উপরে (আজমিরিগঞ্জ), সুতাং নদী ১৭ সেমি হ্রাস পেয়ে ৬৬ সেন্টিমিটার উপরে (সুতাং রেল-ব্রিজ), মৌলভীবাজার জেলার মনু নদী ১১০ সেমি বৃদ্ধি পেয়ে ১ সেন্টিমিটার উপরে (মৌলভীবাজার) প্রবাহিত হচ্ছে।
এদিকে সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীসমূহের পানির সমতল ঘণ্টায় ০ থেকে ১ সেন্টিমিটার হারে অত্যন্ত ধীরগতিতে বাড়ছে।