নিজস্ব প্রতিবেদক : ছুটি নিয়ে দেশ ছাড়ার পর কর্মস্থলে না ফেরায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— ফ্লাইট স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেগুলেশনস (এফএসআর) বিভাগের পরিচালক (এয়ারওয়ার্দিনেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ আবু সাঈদ এবং সহকারী পরিচালক (সিএনএস) মো. আরিফ-উর-রহমান।
কাওছার মাহমুদ জানান, মোহাম্মদ আবু সাঈদকে গত ৩ মে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং কেন তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না— সে বিষয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অপরদিকে সহকারী পরিচালক আরিফ-উর-রহমানকে গত ২৫ এপ্রিল চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে।
বেবিচক সূত্র জানায়, মোহাম্মদ আবু সাঈদ গত বছরের জুলাইয়ে মালয়েশিয়ায় চাকরিতে যোগদানের জন্য আবেদন করেছিলেন। বিষয়টি প্রশাসনিক মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন থাকাকালে তিনি কর্মস্থলে অনুপস্থিত হয়ে পড়েন। তিনি ২০২৫ সালের ৪ থেকে ১৩ আগস্ট পর্যন্ত ১০ দিনের ছুটি নেন। কিন্তু ছুটি শেষে পূর্বানুমতি ছাড়াই আর কর্মস্থলে যোগ দেননি।
ছুটি শেষে দায়িত্বে না ফেরায় তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার অবস্থান নিশ্চিত করা যায়নি। দাপ্তরিক ও ব্যক্তিগত ই-মেইল, হোয়াটসঅ্যাপ এবং লিখিত নোটিশ পাঠিয়েও কোনও সাড়া মেলেনি। এমনকি তার বর্তমান ও স্থায়ী ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো চিঠিও ফেরত আসে।
কোনও অনুমতি ছাড়াই টানা ৬০ দিনের বেশি সময় অনুপস্থিত থাকায় বেবিচকের কর্মচারী চাকরি বিধিমালা, ২০২১ অনুযায়ী এ অনুপস্থিতিকে ‘পলায়ন’ ও ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করা হয়। এ ঘটনায় গত ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। পরবর্তীকালে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
অপরদিকে, সহকারী পরিচালক (সিএনএস) মো. আরিফ-উর-রহমান ১৫ দিনের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেও প্রায় ২০ মাস ধরে কর্মস্থলে ফেরেননি। দীর্ঘ অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগে তাকেও চাকুরিচ্যুত করা হয়েছে।