মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নুসরাতকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান।

তিনি জানান, আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করার পর সোমবার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক গেজেট জারি করা হয়েছে।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। এর মধ্যে ৪৯ জন গত রোববার শপথ নেন।

জামায়াত জোট ১৩টি নারী আসন পায়। এর মধ্যে জোটের ১২ জন প্রার্থী শপথ নেন। তবে এই জোট থেকে মোট ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে জোটের এক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাছাইয়ে বাতিল হয়। আর নির্ধারিত সময়ের পরে যাওয়ায় জোটের আরেক প্রার্থী নুসরাতের মনোনয়ন প্রথমে গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়, বাছাইয়ে তা বৈধ হয়।

এখন নুসরাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করল ইসি। নিয়ম অনুযায়ী, এখন নুসরাতের শপথ অনুষ্ঠানের আয়োজন করবে সংসদ সচিবালয়।