মুন্সীগঞ্জ প্রতিনিধি : ভাসমান সাংবাদিক ও ব্ল্যাকমেইলের অপতৎপরতার কারণে পেশাদার সাংবাদিকতা আজ হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোঃ জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে অনুষ্ঠিত মুন্সীগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সমাজ, রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করাই গণমাধ্যমের মূল কাজ। এই প্রশ্ন তোলার ক্ষেত্রে ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী—কেউই এর ঊর্ধ্বে নন। তবে যখন কিছু ব্যক্তি গণমাধ্যমকে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, তখন প্রকৃত পেশাদার সাংবাদিকরা সংকটে পড়েন।
মন্ত্রী আরও বলেন, সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে হলে এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটি বর্তমান সময়ের একটি বড় চ্যালেঞ্জ।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম), জেলা পরিষদ প্রশাসক এ কে এম এরাদত মানু, ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহম্মেদসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং গণমাধ্যমকে জনস্বার্থে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।