মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সমঝোতায় কারাদণ্ড থেকে মুক্তি পেলেন ব্রিটনি

বিনোদন ডেস্ক : মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স শেষ পর্যন্ত জেল খাটা থেকে রেহাই পেয়েছেন। আদালতের সঙ্গে সমঝোতার মাধ্যমে চলতি বছরের শুরুতে শুরু হওয়া আইনি জটিলতার সমাপ্তি হয়েছে।

গত ৪ মার্চ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪৪ বছর বয়সী এই গায়িকাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ ছিল, তিনি তার বিএমডব্লিউ গাড়িটি খুব বেশি গতিতে এবং ঝুঁকিপূর্ণভাবে চালাচ্ছিলেন।

প্রাথমিক তদন্তে পুলিশ সন্দেহ করে, তিনি মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

৪ মে লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে মামলার শুনানি হয়। ব্রিটনি নিজে উপস্থিত না থাকলেও তার আইনজীবীর মাধ্যমে অভিযোগ স্বীকার করেন।

তবে সমঝোতার ভিত্তিতে তার বিরুদ্ধে থাকা গুরুতর অভিযোগ (মদ্যপ অবস্থায় গাড়ি চালানো) তুলে নেওয়া হয়।

এর পরিবর্তে তাকে তুলনামূলক কম গুরুতর ‘রে বেকলাস ড্রাইভিং’ অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হন।

তার প্রতিনিধিদের দাবি, ব্রিটনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং জীবনকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

আদালতে তার আইনজীবী জানান, নিজেকে সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় আদালত কিছুটা নমনীয় হয়েছে।
এই সমঝোতার ফলে ব্রিটনিকে কারাদণ্ড ভোগ করতে হচ্ছে না। তবে নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে আদালতের নজরদারিতে থাকতে হতে পারে।

এই খবরে ভক্তরা স্বস্তি প্রকাশ করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের প্রতি আইনি নমনীয়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।