খাগড়াছড়ি প্রতিনিধি : “বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলার উদ্ধোধন করেন, খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর গবেষণা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ মেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক নানা প্রজেক্ট উপস্থাপন করে। প্রদর্শিত প্রজেক্টগুলোর মধ্যে ছিল পরিবেশবান্ধব প্রযুক্তি, স্মার্ট সেচ ব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্ভাবনী মডেল। প্রতিটি স্টল ঘুরে দেখেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের উদ্ভাবক হিসেবে গড়ে তুলতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী মো. আতিকুল হক, সেনা রিজিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।