মঙ্গলবার, ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। বুধবার (১৩ মে) মেলাটি উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় অনুষ্ঠিত হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করেছেন। সাংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করবেন।

সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। মেলায় বিভিন্ন কবির আবৃত্তি, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বসবে গ্রামীণ মেলা।

ধারাবাশাল আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কবি মিন্টু রায় বলেন, প্রতিবছর সুকান্ত মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দেশবরেণ্য কবি, লেখক, সাহিত্যিকদের আড্ডা বসে।
আশা করছি, এ বছর তার ব্যতিক্রম হবে না। এ মেলায় এসে কবি-সাহিত্যিকরা তাদের প্রাণ খুলে কথা বলতে পারেন। তাদের কথা বলার সুযোগ দেওয়া হয়। এ জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক বলেন, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের সহযোগিতায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে আমরা মেলার সব প্রস্তুতি শেষ করেছি। আমি চাইব, ভবিষ্যতেও কবি সুকান্ত ভট্টাচার্যের স্মৃতিকে ধরে রাখতে আরো বর্ণাঢ্যভাবে যেন মেলা অনুষ্ঠিত হয়।

কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মারা যান।
কলকাতায় জন্মগ্রহণ করলেও কবি সুকান্তের পৈতৃক ভিটা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘ছাড়পত্র’, ‘ঘুম নেই’, ‘পূর্বাভাস’, ‘অভিযান’ ও ‘হরতাল’। কবি সুকান্তের প্রতিটি কবিতায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং শোষিতের পক্ষে দৃঢ় অবস্থান ফুটে উঠেছে।