টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন শিশুকে বরিশালের কাজিরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানা পুলিশ উদ্ধার হওয়া শিশুদের তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করেন।
উদ্ধার হওয়া শিশুরা টঙ্গীর পশ্চিম থানার সাতাইশ এলাকার ব্যাংকপাড়ার মিতু আক্তার (১২), ইমাম মাহদী (৫) ও কাইফা (১২)। সোমবার তাদেরকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই তিন শিশু গত ৯ মে বিকেলে টঙ্গীর সাতাইশ ব্যাংকপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়। এরপর তাদের স্বজনরা টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ তাদের উদ্ধারে অভিযান শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিত্বে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি আভিযানিক দল সোমবার সকালে বরিশাল জেলার কাজীরহাট থানার হেশাম উদ্দিন বাজার এলাকা থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, অনেক চেষ্টার পর তিন শিশুকে সুস্থ অবস্থায় বরিশাল জেলার কাজীরহাট থানার হেশাম উদ্দিন বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শিশুরা কিভাবে সেখানে গেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।