শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

তিন মাসেই পেট্রোবাংলা চেয়ারম্যান পদ হারালেন এরফানুল হক

নিজস্ব প্রতিবেদক : দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মো. এরফানুল হককে। তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা এরফানুল হক চলতি বছরের ৫ ফেব্রুয়ারি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা এরফানুল হক কর্মজীবনে মাঠ প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এরফানুল হক। পরবর্তীতে জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটি থেকেও একই বিষয়ে উচ্চশিক্ষা নেন তিনি।
তবে হঠাৎ করে তাকে সরিয়ে দেওয়ার বিষয়ে সরকারিভাবে কোনো কারণ জানানো হয়নি। জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে নেতৃত্ব পরিবর্তন নিয়ে প্রশাসনিক অঙ্গনে নানা আলোচনা চলছে।