শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

কুমিল্লায় প্রধানমন্ত্রীর সমাবেশ : খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

কুমিল্লা প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে কুমিল্লার বরুড়া উপজেলায় সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। শনিবার (১৬ মে) সকাল থেকে লক্ষ্মীপুর বাজার মাঠ ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। অনেককে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগান দিতে দেখা যায়। সমাবেশস্থলের সামনে ও সড়কের দুই পাশে অবস্থান নিয়ে নেতাকর্মীরা তাদের নেতার অপেক্ষা করছেন।

সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় দোকানপাট, চায়ের স্টল ও আশপাশের এলাকায়ও মানুষের ভিড় দেখা গেছে। কেউ মাঠে অবস্থান করছেন, আবার কেউ স্টেজের সামনে জায়গা নিতে ব্যস্ত সময় পার করছেন।

সমাবেশস্থলের মঞ্চ প্রস্তুতসহ সার্বিক আয়োজনের কাজ শেষ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত অন্য সদস্যদেরও তৎপর থাকতে দেখা গেছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর বরুড়ায় বড় রাজনৈতিক সমাবেশকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তারা আশা করছেন, আজকের বক্তব্যে কুমিল্লার উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তারেক রহমান।