সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০ জিলকদ, ১৪৪৭ হিজরি

অতিরিক্ত দায়িত্বে পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মো. আব্দুল মান্নান। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ দায়িত্বের পাশাপাশি এ দায়িত্ব পালন করবেন।

রোববার (১৭ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মুস্তাফার সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, পেট্রোবাংলার দাফতরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে মো. আব্দুল মান্নানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়। এর আগে গত ১৫ মে পেট্রোবাংলার আগের চেয়ারম্যান এরফানুল হককে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার।