সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০ জিলকদ, ১৪৪৭ হিজরি

ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষে রণক্ষেত্র ডুয়েট

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনকারী শিক্ষার্থী, ভিসি সমর্থক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হলে এই সংঘাতের সূত্রপাত হয়। ত্রিমুখী সংঘর্ষে পুলিশ ও ১২ শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গত বুধবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। কিন্তু এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা।

তাদের দাবি- উপাচার্য হিসেবে ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই কাউকে নিয়োগ দিতে হবে। শিক্ষার্থীদের মতে, ডুয়েটের বিশেষায়িত শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের মাঠপর্যায়ের বাস্তবতা, একাডেমিক কাঠামো এবং প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক অনেক বেশি। ফলে ডুয়েটের সার্বিক উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ করাই সবচেয়ে বেশি কার্যকর হবে। কোনো বহিরাগত ভিসি তারা মেনে নেবেন না। দাবি আদায়ে আন্দোলনে নামার ঘোষণা দেন ডুয়েটের সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার সকালে ‘নবাগত ভিসিকে লাল কার্ড’ দেখানোর লক্ষ্যে শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হতে থাকেন। তখন নবাগত ভিসির সমর্থক ও বহিরাগতদের একটি দল আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ শুরু করলে আন্দোলনকারী, উপাচার্য সমর্থক ও পুলিশের মাঝে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়।

আহত শিক্ষার্থীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। কিন্তু হঠাৎ করেই বহিরাগত একদল সন্ত্রাসী এসে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় অনেক সাধারণ শিক্ষার্থী রক্তাক্ত ও আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাজীপুর সদর মেট্রোপলিটন থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।