মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১ জিলহজ, ১৪৪৭ হিজরি

বুধবার টঙ্গীতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : আগামীকাল বুধবার গাজীপুরের টঙ্গী সাতাইশ ধরপাড়া এলাকায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ২টায় ওই এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‍”জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট” ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
বিষযটি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. আরিফ হোসেন হাওলাদার। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টঙ্গীর বিএনপির ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। বুধবার সকালে তিনি গাজীপুরের সফিপুর আনসার একাডেমী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গাছা হয়ে টঙ্গীর ধরপাড়া এলাকায় আসবেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টঙ্গীর গাজীপুরা, খরতৈল, সাতাইশ, গাছাসহ আশপাশের এলাকায় রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এউপলক্ষ্যে টঙ্গী ও গাছাসহ পুরো গাজীপুর মহানগরীকে নান্দনিক সাজে সাজানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে, আগামীকালের এই সফরটি টঙ্গী তথা গাজীপুরবাসীর জন্য এক ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

টঙ্গীতে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, টঙ্গী ও গাজীপুরের বিভিন্নস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকার কথা রয়েছে।

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর টঙ্গীতে আগমন উপলক্ষে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফ, র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সদস্যরা মোতায়ের রয়েছেন।

উল্লেখ্য, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরির প্রকল্পটি প্রথম ২০১৫ সালে এবং পরে ২০২৩ সালে শুরু হয়।