নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদককারবারি ও ‘পিচ্চি রাজা’ নামে পরিচিত একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। এ সময় তার স্ত্রী তৃষা ও শ্যালকও সঙ্গে ছিলেন।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।
তিনি জানান, পিচ্চি রাজার বিষয়ে ডিএমপি পুলিশের পক্ষ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশকে অবহিত করা হয়েছিল।
এরই ধারাবাহিকতায় বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে পুলিশের একটি টিম বিমানবন্দরে অবস্থান করছে।
তাকে থানায় এনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, পিচ্চি রাজা পরিবার ও শ্যালককে নিয়ে নেপাল গিয়েছিলেন বলে তথ্য পাওয়া যায়।
পরে জানা যায়, মঙ্গলবার তারা দেশে ফিরছেন। সেই তথ্যের ভিত্তিতে দায়িত্বরত সিটি এসডি ও ইমিগ্রেশন পুলিশ সতর্ক থাকে। দেশে ফেরার পর বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, হত্যা ও সন্ত্রাসীসহ প্রায় ৩০টির বেশি মামলা রয়েছে।