বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ জিলহজ, ১৪৪৭ হিজরি

উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস মেনে নেওয়া যায় না : প্রধানমন্ত্রী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : পরিকল্পিত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ প্রস্তুতি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস মেনে নেওয়া যায় না। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় জনগণকে প্রশিক্ষিত ও প্রস্তুত করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গতকাল বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গীর সাতাইশ ধরপাড়ায় ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। ভূমিকম্প, বন্যা কিংবা জলবায়ু পরিবর্তনের প্রভাব পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও পরিকল্পিত উন্নয়ন, প্রশিক্ষণ ও জনসচেতনতার মাধ্যমে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব।
তিনি বলেন, “জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবাসন সংকট বাড়ছে। শুধু ভবন নির্মাণ করলেই হবে না, সেখানে স্কুল-কলেজ, হাসপাতালসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধাও নিশ্চিত করতে হবে।”
জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, দেশের আবহাওয়া দ্রুত বদলে যাচ্ছে এবং এই বাস্তবতা মাথায় রেখেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি বলেন, “আমরা যখন ছোট ছিলাম, তখনকার আবহাওয়া আর এখনকার আবহাওয়ার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। প্রকৃতির এই পরিবর্তনের জন্য মানুষও অনেকাংশে দায়ী।”
উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসের সমালোচনা করে তিনি আরও বলেন, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ এলাকায় রাস্তা নির্মাণে গাছ কাটার পরিকল্পনার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীকে বিকল্প নকশা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। “উন্নয়নের নামে প্রকৃতির ক্ষতি মেনে নেওয়া যায় না,” বলেন তিনি।
ভূগর্ভস্থ পানির অপচয় রোধ ও পানিসম্পদ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার খাল খনন ও নদীতীরবর্তী বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। পদ্মা নদীর তীরে বাঁধ নির্মাণের মাধ্যমে শুকনো মৌসুমে পানির সংকট মোকাবিলা এবং বন্যার সময় অতিরিক্ত পানি নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী, পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজও বিএনপি সরকারের সময়েই সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং জনগণকে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত ও দক্ষ করে তুলতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি। এছাড়া বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করীম রনি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হাসান উদ্দিন সরকার, ঢাকা বিভাগীয় কমিশনার মো. শরাফ উদ্দিন, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।