বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ জিলহজ, ১৪৪৭ হিজরি

গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক : ভোক্তা বা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম নতুন করে বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির দেওয়া দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আয়োজিত ২ দিনব্যাপী এ গণশুনানি চলছে।

জানা গেছে, ডিপিডিসি ৬.৯৬ শতাংশ, ডেসকো ৯.৬৭ শতাংশ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৫.৯৩ শতাংশ, নেসকো ৪.১২ শতাংশ, ওজোপাডিকো ১০.১২ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে। একই সঙ্গে পাইকারি বিদ্যুতে যে দাম বাড়বে সেটিও এরসঙ্গে যুক্ত/সমন্বয় করার আবেদন করা হয়েছে।

শুনানিতে বিইআরসির চেয়ারম্যান, সদস্যবৃন্দ, বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞ এবং বিভিন্ন ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত আছেন।

আলাদা আলাদা প্রস্তাবে বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে তাদের পরিচালন ব্যয় রেকর্ড পরিমাণ বেড়েছে। এ বিশাল ঘাটতি কাটিয়ে উঠতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে খুচরা পর্যায়ে দাম বাড়ানো ছাড়া বিকল্প নেই।

বিদ্যুৎ বিতরণকারী কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), ডেসকো, ডিপিডিসি, ওজোপাডিকো, নেসকো এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)।