শনিবার, ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ জিলহজ, ১৪৪৭ হিজরি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মাদারীপুরের যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি : ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে রাশিয়া গিয়েছিলেন মাদারীপুরের সুরুজ কাজী। তবে ইউরোপে পৌঁছানোর আগেই দালালের খপ্পরে পরে যোগ দিতে হয় চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে।

একবার যুদ্ধে জড়িয়ে আর বের হতে পারেননি, অবশেষে যুদ্ধক্ষেত্রেই নিহত হয়েছেন তিনি।
বুধবার বাড়িতে মৃত্যুর খবর পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।

নিহত সুরুজ কাজীর লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানান স্বজন ও এলাকাবাসী।
এদিকে এর মাত্র তিন মাস আগে সুরুজের দুই বছর বয়সী ছেলে জটিল রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

নিহত সুরুজ কাজীর পরিবারে বাবা-মা, বোন, স্ত্রী ও ছোট দুই ভাই রয়েছেন।
জানা গেছে, প্রায় এক বছর আগে সংসারের হাল ধরতে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে রাশিয়ায় যান মাদারীপুর সদরের দক্ষিণ খাগড়াছড়া এলাকার শাহাবুদ্দিন কাজীর বড় ছেলে সুরুজ কাজী।

সেখানে বাংলাদেশি দালালের খপ্পরে পড়েন সুরুজ। বর্ডার পার হয়ে ইউরোপ পৌঁছানোর প্রলোভনে পড়ে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ১৮ মে রাশিয়ার বর্ডার পার করে দেওয়ার কথা বলে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে পাঠিয়ে দেন ওই দালাল। যুদ্ধ চলাকালে ইউক্রেনের হামলায় নিহত হন সুরুজ। বুধবার বাংলাদেশ সময় রাত ২টার দিকে পরিবারের কাছে মৃত্যুর সংবাদ দেন রাশিয়ায় অবস্থানরত সহযোদ্ধা বাংলাদেশি আরেক যুবক। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার।
নিহত সুরুজের বাবা শাহাবুদ্দিন কাজী বলেন, শেষ বারের মতো ছেলের মুখটা একবার দেখতে চাই। সরকারের কাছে দাবি, আমার ছেলের লাশটা যেন দেশে এনে দেয় এবং আমাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, বিষয়টি দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করলে লাশ দেশে আনার জন্য সহযোগিতা করা হবে।