শনিবার, ১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা : স্পিকার

মুক্তবাণী রিপোর্ট : জাতীয় সংসদের স্পিকার ও সাবেক তারকা ফুটবলার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘যখন মিস্টার মার্সেলো (আর্জেন্টিনার রাষ্ট্রদূত) এখানে কথা বলতে আসেন, ঠিক তখন-ই আমি দেখলাম সবাই হাততালি দিচ্ছেন। আর এতেই বোঝা যায়, আর্জেন্টিনা ইজ দ্য মোস্ট পপুলার টিম ইন বাংলাদেশ (আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল)।’

আজ শুক্রবার যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় অনুষ্ঠানে শিশুদের খেলায় মুগ্ধ হয়ে সাবেক তারকা ফুটবলার হাফিজ উদ্দিন আহমেদ স্মৃতিচারণ করে বলেন, ‘এখানে এসে আমি আমার তরুণ বয়সে ফিরে গেছি। যশোর আমার সবচেয়ে প্রিয় শহর। আমি যশোর ক্যান্টনমেন্টে যুদ্ধ করেছি, এখানে চাকরিও করেছি। শামসুল হুদার নামে স্টেডিয়াম ও একাডেমি হওয়া সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। আমি আশা করি, এই উদ্যোগের মাধ্যমে যশোরের পাশাপাশি দেশের ফুটবলের মানও আরও উন্নত হবে।’

দিনব্যাপী এ অনুষ্ঠানের বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সালো কার্লোস সেসা, পাকিস্তান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জাইন আজিজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম), শামসুল হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা, র‍্যাডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস ও জাহেদী ফাউন্ডেশনের কর্ণধার মো. নাসের শাহরিয়ার জাহেদী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য ব্যক্তিরা।