সোমবার, ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ জিলহজ, ১৪৪৭ হিজরি

মিথ্যা অপপ্রচারের অভিযোগে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি : মারমা সম্প্রদায়কে আরাকান আর্মির সাথে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের শান্তি-সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে মারমা সম্প্রদায়|

রবিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মারমা সম্প্রদায়ের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা|
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, জেলার পানছড়ি উপজেলার বাসিন্দা আবুল হোসেন ফারুক ঢাকায় বসে সামাজিক যোগাযোগমাধ্যমে মারমা জনগোষ্ঠী ও সংগঠনের নেতৃবৃন্দকে জড়িয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক প্রচারণা চালাচ্ছেন| বিশেষ করে তথাকথিত আরাকান আর্মির সঙ্গে মারমা সম্প্রদায়কে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়|
সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক উসকানি ও পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার দায়ে আবুল হোসেন ফারুককে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে|
এসময় অপপ্রচারের নেপথ্যে আরও যারা জড়িত তাদেরও চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মারমা ঐক্য পরিষদ হুঁশিয়ারি দেয়, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ঈদের পর কঠোর সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করা হবে|

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন|