নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঈদের দিন বিমানের আন্তর্জাতিক বহির্গমন ফ্লাইটের যাত্রীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণের পাশাপাশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটে বিশেষ খাবার পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপহারসামগ্রী বিতরণ কার্যক্রম উপলক্ষ্যে রোববার (২৪ মে) বলাকা ভবনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
যাত্রীসেবার মানোন্নয়ন ও যাত্রীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে যাত্রীদের ভ্রমণ আরও আনন্দময় ও উৎসবমুখর হবে বলে আশা করছে সংস্থাটি।
অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ আনুষ্ঠানিকভাবে উপহারসামগ্রী মহাব্যবস্থাপকের (বিক্রয় ও সিসি) কাছে হস্তান্তর করেন।
এসময় বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডেপুটি সিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ, পরিচালক (গ্রাহকসেবা) বদরুল হাসান লিটনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, যাত্রীদের ঈদযাত্রাকে আরও স্মরণীয় ও স্বাচ্ছন্দ্যময় করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিমান জানায়, ঈদের দিন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটের যাত্রীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে। পাশাপাশি দায়িত্ব পালনরত বিমানের সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের জন্যও বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে, যাতে উৎসবের আনন্দ কর্মক্ষেত্রেও ভাগাভাগি করা যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়ন এবং সেবার পরিধি সম্প্রসারণে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।