রবিবার, ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ জিলহজ, ১৪৪৭ হিজরি

ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি : ভূমিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের পেছনে ছিল দীর্ঘ ত্যাগ, সংগ্রাম ও সশস্ত্র প্রতিরোধ। এ সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

শনিবার বিকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীদের সবচেয়ে বড় অলংকার হলো দেশপ্রেম, সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতা। অতীতে হাজারো রাজনৈতিক প্রতিকূলতা ও নির্যাতনের কারণে অনেক নেতাকর্মী দীর্ঘ সময় গৃহহীন জীবন কাটিয়েছেন, অনেকে কারাবরণ করেছেন, অনেকেই নির্যাতনে প্রাণ হারিয়েছেন। এসব ত্যাগের কথা স্মরণ রেখে দলের ভেতরের সব বিভেদ ভুলে দেশের মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি শফিকুল হক মিলন এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি নজরুল ইসলাম মণ্ডল।

সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, জাতীয়তাবাদী দর্শন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।