রবিবার, ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ জিলহজ, ১৪৪৭ হিজরি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে দোয়া মাহফিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে টঙ্গীর বড়দেওড়া হযরত শাহজালাল রোডের আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের এক অবিস্মরণীয় প্রতীক। দেশের উন্নয়ন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী চেতনা বিকাশে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর সভাপতিত্বে ও গাসিক ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম শুক্কুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সরকার শাহনূর ইসলাম রনি, জাহাঙ্গীর আলম, হাজী বাবর আলী, নাসির উদ্দিন নাসু, নাজির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।