সোমবার, ১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ জিলহজ, ১৪৪৭ হিজরি

৭ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারতের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বন্দরে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

সোমবার সকালে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম শুরু হয়। ঈদের ছুটি শেষে ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্টদের আনাগোনা বাড়ায় বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে।

সকাল থেকেই শ্রমিকদের বন্দরে আসতে দেখা যায়। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পণ্যবাহী ট্রাকও বন্দরে প্রবেশ করতে শুরু করে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী হিলি স্থলবন্দর দিয়ে সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আজ সোমবার সকাল থেকে আবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরো বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হওয়ায় বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও পরিবহন কার্যক্রমেও গতি ফিরতে শুরু করেছে।