সোমবার, ১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ জিলহজ, ১৪৪৭ হিজরি

আদ্‌-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলায় স্বাস্থ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত। তিনি বলেন, সাংবাদিকদের তথ্য সংগ্রহের অধিকার রয়েছে এবং কোনো অবস্থাতেই তাঁদের কাজে বাধা দেওয়া বা অসৌজন্যমূলক আচরণ করা গ্রহণযোগ্য নয়।

সোমবার (০১ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে আলাদা কোনো নির্দেশনার প্রয়োজন হওয়ার কথা নয়।
তবে হাসপাতালের পরিবেশ ও রোগীদের স্বার্থ বিবেচনায় রেখে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন।

তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব পালনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয়।
ভবিষ্যতে তাঁরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী জানান, ঘটনার ভিডিও আমি দেখেছি।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সাংবাদিকদের সেখান থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বেসরকারি হাসপাতালগুলোর তদারকি নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট হাসপাতাল কীভাবে লাইসেন্স পেয়েছে এবং তারা নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন কার্যক্রম জোরদার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দেশের বিভিন্ন জেলায় নিয়মিত অভিযান ও তদারকি পরিচালনা করছেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে সরকার বেসরকারি স্বাস্থ্যখাতের ওপর নজরদারি অব্যাহত রেখেছে। কোনো প্রতিষ্ঠান নিয়মবহির্ভূত কার্যক্রমে জড়িত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।